দেশের অগ্রগতির ধারায় ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের বিভাজন সৃষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর ভাটারায় খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে সামনে এনে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে ধর্মীয় বিভাজনের কোনো স্থান নেই।
তিনি আরও উল্লেখ করেন, এই ভূখণ্ডে বহুদিন ধরে মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে বসবাস করছে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়—এটিকে রাষ্ট্রীয় কাঠামোর অংশ করা উচিত নয়। বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে।
কিছু রাজনৈতিক শক্তির সমালোচনা করে তিনি বলেন, স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে সমাজে বিভেদ তৈরির অপচেষ্টা চালায়। এমনকি কেউ কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্ব আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দ্রুত জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে তিনি জনগণকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার পরামর্শ দেন এবং অপ্রয়োজনীয় মজুদ না করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষাংশে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সরকারের প্রতি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ন্যায় ও সত্যের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :