• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

আজ থেকে কমলো অফিস সময়: নতুন সূচিতে সরকারি-বেসরকারি কার্যক্রম শুরু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:২৬ পিএম
আজ থেকে কমলো অফিস সময়: নতুন সূচিতে সরকারি-বেসরকারি কার্যক্রম শুরু

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে আজ (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি সব অফিসে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে সপ্তাহের কর্মদিবসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৭ ঘণ্টা অফিস চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে।

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে, শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে, গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখা এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা সীমিত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে, নতুন সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, তবে লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

বিশেষ ক্ষেত্রে—সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।


Side banner
Link copied!