ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা সবার জন্য সমানভাবে নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সচিবালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বাসী-অবিশ্বাসী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, বিশ্বের সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অহিংসা, সত্যবাদিতা ও সংযমের শিক্ষা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণের ভেদাভেদ না করেই সবাই মিলে বাংলাদেশ স্বাধীন করেছে। তাই এই দেশ সবার, এখানে সবাই সমান অধিকার ভোগ করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই দেশের সব ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে পারে। কাউকে নিজেকে সংখ্যালঘু মনে না করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শেষে বৌদ্ধ নেতারা প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় সরকারের মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :