• ঢাকা
  • বুধবার, ২০ মে, ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৩১ এএম
প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাহসিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে আনসার ও ভিডিপি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বুধবার (২০ মে) সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এই বাহিনীকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, “আনসার ও ভিডিপি শুধু নিরাপত্তা নয়, মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের সাহসিকতা ও কর্মদক্ষতা সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে।”

তারেক রহমান আরও বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও আনসার-ভিডিপি সদস্যদের সাফল্য প্রশংসার দাবিদার। দেশের বিভিন্ন প্রতিযোগিতা ও জাতীয় পর্যায়ের আয়োজনে এ বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য অবদান রাখছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে সরকার বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে আনসার ও ভিডিপিকে আরও কার্যকর ও আধুনিক বাহিনীতে রূপান্তর করা হবে।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে ‘উপজেলা আনসার প্রবিধানমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনগণের প্রতি মানবিক আচরণের মাধ্যমে আনসার ও ভিডিপি দেশের উন্নয়ন ও নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Side banner
Link copied!