চীনা উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ-সংক্রান্ত সেবা আরও সহজ ও কার্যকর করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার নানা ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে এবং বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই উদ্যোগের আওতায় নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠার অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করা হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে, সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি মোংলায় আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে বিদেশি বিনিয়োগকারীরা উন্নত অবকাঠামো ও প্রয়োজনীয় সুবিধা পান।
বক্তব্যে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আধুনিক বস্ত্রশিল্প এবং ওষুধশিল্পকে সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এসব খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার বিশেষ নীতিগত সহায়তা, কর-সুবিধা ও বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে স্থানান্তরের সুযোগ এবং বিনিয়োগের আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
চীনা উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হওয়ার এখনই উপযুক্ত সময়। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে এবং নতুন বিনিয়োগ দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :