আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার এসব প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে।
বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা। প্রজ্ঞাপনে দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার মতো জরুরি কার্যক্রম এ ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতায় থাকবেন না।
হাসপাতাল ও অন্যান্য জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।
জরুরি কাজে নিয়োজিত অন্যান্য অফিসও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
এ ছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
প্রজ্ঞাপনের ফলে দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর তিন দিনের সাধারণ ছুটি কার্যকর হবে। আর ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
আপনার মতামত লিখুন :