প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, চলমান মামলাগুলো আইনগতভাবে নিষ্পত্তি করে নির্দোষ প্রমাণিত হলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা-কে জাতীয় দলে ফেরাতে সরকার বাধা দেবে না; বরং স্বাগত জানাবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব দেশের বাইরে অবস্থান করছেন এবং মাশরাফিও জনসমক্ষে অনুপস্থিত। দুজনই পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাদের নামে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলার অভিযোগও আছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা দেশে ফেরেননি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমি নিজেও একজন সাবেক খেলোয়াড়। সাকিব ও মাশরাফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ নাম। তাদের মামলার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের আওতায় পড়ে।” তিনি স্পষ্ট করেন, সংশ্লিষ্টরা তাদের আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবেন; এরপর যদি তারা নির্দোষ প্রমাণিত হন, মাঠে ফেরার ক্ষেত্রে সরকার নমনীয় থাকবে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, “আইনগত জটিলতা কাটিয়ে যদি তারা খেলায় ফিরতে চান, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের ‘মোস্ট ওয়েলকাম’ জানাব। এ বিষয়ে আমরা শতভাগ সহনশীল অবস্থানে আছি।”
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। জানা গেছে, ওই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কাজ করছে। সবকিছু অনুকূলে থাকলে পাকিস্তান সিরিজেই তাকে দেখা যেতে পারে।
আপনার মতামত লিখুন :