• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

রাউজানে গুলিতে যুবক নিহত, এলাকায় চাঞ্চল্য


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০১:১৪ পিএম
রাউজানে গুলিতে যুবক নিহত, এলাকায় চাঞ্চল্য

চট্টগ্রামের রাউজান পৌরসভায় দুর্বৃত্তদের গুলিতে কাউছার উর জামান বাবলু নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত বাবলু স্থানীয়ভাবে ব্যবসা ও ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্র জানায়, দাওয়াত থেকে ফেরার পথে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। প্রথমে মারধরের পর তাকে গুলি করা হয় বলে অভিযোগ পরিবারের।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে বাবলু বিভিন্ন সময় বিরোধের মুখে ছিলেন। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


Side banner
Link copied!