• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০৫ পিএম
শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও মেলার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ উৎসব।

শুক্রবার (২৫ বৈশাখ) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি বাঙালির সাহিত্য-সংস্কৃতির পথপ্রদর্শক। তার সাহিত্যকর্ম যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

মন্ত্রী আরও বলেন, শাহজাদপুরের এই কাছারিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ বহু কালজয়ী কবিতা, গান, গল্প ও সাহিত্যকর্ম রচনা করেছেন। নতুন প্রজন্মের কাছে সেই ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রবীন্দ্র মেলা এবং দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি এখন উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে।


Side banner
Link copied!