বিদায়ী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার (৮ এপ্রিল) দায়ের করা অভিযোগটি দুদক গ্রহণ করেছে।
অভিযোগে বলা হয়েছে, দায়িত্বকালীন সময়ে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগকারীর দাবি, আট মাসে এ খাতে শতকোটি টাকার লেনদেন হয়েছে এবং বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি।
এছাড়া, আসিফ নজরুলের তৎকালীন ব্যক্তিগত সচিব (বর্তমানে জেলা জজ) শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তার মাধ্যমে বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম সংঘটিত হয়েছে এবং প্রতিশ্রুত অর্থ না পেলে বদলির আদেশ স্থগিত করার ঘটনাও ঘটেছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বদলি বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগও রয়েছে।
অভিযোগকারী এসব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :