জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সরকারি দলের সংসদ সদস্যরা দাবি করেছেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় এসে অল্প সময়ের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ আলোচনা হয়। এতে অংশ নিয়ে সরকারি দলের এমপিরা বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন খাতে দ্রুত কার্যক্রম শুরু করেছে।
নেত্রকোনা-২ আসনের এমপি আনোয়ারুল হক বলেন, ক্ষমতায় এসেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া বর্তমান সরকারের একটি নজিরবিহীন পদক্ষেপ। তিনি রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে সেখানে বেগম খালেদা জিয়াকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথিকৃৎ হিসেবে উল্লেখ করার বিষয়টিও তুলে ধরেন।
ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তা দৃশ্যমান হচ্ছে।
কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূইয়া জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী পাঁচ বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে হাজারো পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপকারভোগীদের ভাতা প্রদান করা হয়েছে। এছাড়া খাল খননসহ বড় অবকাঠামোগত পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
গাজীপুর-১ আসনের এমপি মুজিবুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
অন্যদিকে, বিরোধী দলের সদস্য এম রাশেদুল ইসলাম বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন জরুরি।
আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। তারা দেশের উন্নয়ন, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা এবং রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় সংসদ সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
আপনার মতামত লিখুন :