রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগ ও ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৪ জন রয়েছেন। এছাড়া মতিঝিল বিভাগে ৭২, তেজগাঁওয়ে ৬৬, ওয়ারীতে ৫৫, গুলশানে ৪৭, উত্তরা বিভাগে ৪০, লালবাগে ৩৯, রমনায় ৩৪ এবং গোয়েন্দা বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি হ্যাক্সো ব্লেড এবং একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র।
এ ছাড়া একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, ১০ টাকার নোট এবং মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫টি ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :