সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাত ১২টা থেকে শুরু হওয়া এই অভিযান শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেট ভ্রমণের কথা বলে তারা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জল্লারপাড়ের ওই হোটেলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে কোতোয়ালি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) হোটেলটি ঘিরে ফেলে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীও হোটেলের নিচে অবস্থান নেন।
অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং সেই মামলাগুলোর ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :