মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রভাবে দেশে পণ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক এই আয়োজনে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এর ফলে শুধু জ্বালানি নয়, খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের ওপর চাপ তৈরি হচ্ছে। তাই আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এটি কোনো একক দেশের সমস্যা নয়। বিশ্ববাজারের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশে এখনো পুরোপুরি প্রভাব পড়েনি, তবে দীর্ঘমেয়াদে তা ধরে রাখা কঠিন হতে পারে।
সরকার জনগণের ওপর চাপ কম রাখতে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকারি তহবিল থেকে সহায়তা দেওয়া হচ্ছে। তবে এই চাপ দীর্ঘদিন বহন করা সম্ভব না হলে এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পড়তে পারে।
এলডিসি উত্তরণ প্রসঙ্গে তিনি জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে কাজ এগিয়ে চলছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উপস্থাপন করা হবে, তবে এখনো সে অবস্থায় পৌঁছানো যায়নি।
আপনার মতামত লিখুন :