দেশের আগামী তিন মাসের জ্বালানি চাহিদা মেটাতে প্রয়োজনীয় তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে এপ্রিল মাসের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, নতুন উৎস থেকে জ্বালানি আমদানির সম্ভাবনাও তৈরি হয়েছে, যা আগামী সময়ের সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতি রয়েছে। সংশ্লিষ্ট বৈঠকগুলোর ফলাফল আশাব্যঞ্জক এবং এ ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হতে পারে বলে সরকার মনে করছে।
তিনি আরও জানান, দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিন মাসের চাহিদা পূরণে সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
কৃষকদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তেল সরবরাহে কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধানে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আপনার মতামত লিখুন :