• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অচলাবস্থা ও দুর্ভিক্ষের অভিযোগ তুলে গণপ্রতিরোধের ডাক রাশেদ খানের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৪:২২ পিএম
গোপালগঞ্জে অচলাবস্থা ও দুর্ভিক্ষের অভিযোগ তুলে গণপ্রতিরোধের ডাক রাশেদ খানের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে গোপালগঞ্জে চরম অচলাবস্থা ও ৭৪-এর মতো দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জেলার বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে এই অচলাবস্থা কাটাতে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যান চলাচলে চরম আতঙ্ক বিরাজ করছে, ফলে যাত্রীরা ওই রুট দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া জেলার পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, ব্যাংক, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পণ্য সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে তিনি জানান, নিরাপত্তাহীনতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গোপালগঞ্জে স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারছেন না এবং পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কাজও পুনরায় হামলার আশঙ্কায় শুরু করা সম্ভব হচ্ছে না। পুলিশের এই অনুপস্থিতির সুযোগে জেলাটি নানা অপরাধ ও অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মন্তব্য করে রাশেদ খান বলেন, গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান ও গণপ্রতিরোধ গড়ে তুলবে, জেলার পরিস্থিতি তত দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।


Side banner
Link copied!