• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৪:১০ পিএম
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে; যার বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা জোগান দেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (২য় সংশোধিত) এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প রয়েছে, যার আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণও করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে পাবনা জেলা এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দুটি নতুন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়নের দ্বিতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধির দুটি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে।

অন্যান্য প্রকল্পের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (৪র্থ সংশোধিত) এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়; যার মধ্যে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা, উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগার আধুনিকায়ন, মৎস্যসম্পদ উন্নয়ন ও জরিপ, ভেনম রিসার্চ সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!