• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ রুশ সেনা, তথ্য ফাঁস


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১২:৫০ পিএম
ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ রুশ সেনা, তথ্য ফাঁস

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর গোপন তথ্যভান্ডার হ্যাক হয়ে ফাঁস হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর রাতে বেলারুশের হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ ও ‘সাইলেন্ট ক্রো’ রসস্ট্যাটের তথ্যভান্ডারে প্রবেশ করে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত নিবন্ধিত মৃত্যুসনদের এই নথি সংগ্রহ করে, যা পরবর্তীতে স্বাধীন সংবাদমাধ্যমগুলো বিশ্লেষণ করে প্রকাশ করেছে।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, নিহত ৪ লাখ ৯০ হাজারের এই তালিকায় নিখোঁজ সেনা কিংবা যাদের মৃত্যু এখনো সরকারিভাবে নিবন্ধিত হয়নি, তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। রুশ সংবাদমাধ্যম ‘মেদুজা’ নিখোঁজদের হিসাবসহ যুদ্ধে রাশিয়ার অপূরণীয় ক্ষতির সংখ্যা অন্তত ৭ লাখ ২০ হাজার বলে অনুমান করেছে এবং স্বাধীন সংবাদমাধ্যম ‘ইনসাইডার’ ইতিমধ্যে নিহত ৩ লাখ ৭০ হাজারের বেশি সেনার পরিচয় শনাক্ত করেছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গড়ে প্রতিদিন ২৮০ থেকে ৩০০ জন অর্থাৎ প্রতি পাঁচ মিনিটে একজন রুশ সেনার মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯২ শতাংশই প্রাণ হারিয়েছেন বিস্ফোরণ ও গোলার আঘাতে এবং ১ দশমিক ৩ শতাংশ গুলিতে।

যুদ্ধক্ষেত্রের সরাসরি হামলার বাইরেও মানসিক চাপ ও যুদ্ধক্ষেত্রে পাঠানোর আতঙ্কে প্রায় আড়াই হাজার সেনার মৃত্যু হয়েছে মদ্যপান, মাদক গ্রহণ ও আত্মহত্যার কারণে। এর মধ্যে এক হাজারের বেশি সেনা আত্মহত্যা করেছেন এবং ইউক্রেন সীমান্তের কাছাকাছি এলাকায় সুনির্দিষ্ট কারণ ছাড়াই গুলিতে আরও ৮৮৫ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। এ ছাড়া জনসংখ্যার অনুপাতে মস্কোর চেয়ে রাশিয়ার দূরপ্রাচ্য ও সাইবেরিয়া অঞ্চলে প্রাণহানির হার বহুগুণ বেশি; রাজধানী মস্কোতে প্রতি লাখে ৬৩ জন সেনা নিহত হলেও ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে এই হার প্রায় এক হাজার, জাবাইকালস্কে ৮০০, চুকোটকায় ৭৬০ এবং তুভায় ৬৫০ জন।

মস্কো বরাবরই যুদ্ধে নিজেদের সেনা নিহতের প্রকৃত তথ্য গোপন রেখে স্বাধীন অনুসন্ধানে বিধিনিষেধ আরোপ করে আসছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছে, যুদ্ধে রাশিয়ার হতাহত বা মোট সামরিক ক্ষয়ক্ষতি ১৬ লাখ ৩৯ হাজার ৬৪১ জন। অন্যদিকে, গত অক্টোবরে প্রকাশিত সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর এক গবেষণায় ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার থেকে ৭ লাখ ৭০ হাজারের মধ্যে এবং আহতসহ মোট ক্ষয়ক্ষতি ১৪ লাখ থেকে ২১ লাখ হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।


Side banner
Link copied!