ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ‘মঞ্চ ২৪’-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদনটি করেন দলটির সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২০ নভেম্বর মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেন। সেখানে তিনি দাবি করেন, চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও বিভিন্ন বিদেশি সংস্থার অর্থায়নে পরিচালিত হয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে সহায়তা করেছে এবং বিদেশি অর্থ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গোপন বৈঠক করেছে।
বাদীপক্ষের অভিযোগ, এসব গুরুতর বক্তব্যের সপক্ষে ফাহিম ফারুকী কোনো বিশ্বাসযোগ্য নথি, আর্থিক রেকর্ড বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এ ঘটনার প্রেক্ষিতে গত ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠিয়ে বক্তব্য প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা অথবা প্রমাণ প্রকাশের দাবি জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা পূরণ না করায় আদালতমুখী হয়েছে দলটি।
আপনার মতামত লিখুন :