• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

বিরোধী দলের ভাষা নিয়ে মন্তব্য মির্জা ফখরুলের, সংসদে আলোচনার আহ্বান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৪:২১ পিএম
বিরোধী দলের ভাষা নিয়ে মন্তব্য মির্জা ফখরুলের, সংসদে আলোচনার আহ্বান

বিরোধী দলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী নেতাদের বক্তব্যের ধরন অতীতের রাজনৈতিক ভাষার সঙ্গে মিল রয়েছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক মতপার্থক্য সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনায় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের সমর্থনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী এবং দলটি জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বিএনপি সনদের বিরোধিতা করছে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে সংবিধান সংস্কার কমিশনের কিছু বিষয়ে দলটির আপত্তি রয়েছে এবং সেসব বিষয়ে আগেও মতামত জানানো হয়েছে।

তিনি বলেন, গণভোট ও সংবিধান সংস্কারসংক্রান্ত কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সেগুলোর সমাধান সংসদীয় আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। কোনো বিষয়ে মতৈক্য না হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ধারণের আহ্বান জানান তিনি।

বিরোধী দলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। তবে সেই সমালোচনা এমন পর্যায়ে যাওয়া উচিত নয়, যাতে রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হয়। তিনি বলেন, সংসদের ভেতরে গঠনমূলক বিতর্ক ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজে বের করাই গণতন্ত্রের জন্য সবচেয়ে ইতিবাচক পথ।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে। তাই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারকে সময় ও সহযোগিতা দেওয়া উচিত।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়েও বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজে ও ডিইউজের নেতাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!