• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঢাকায় চাঁদাবাজদের তালিকা করে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৩:০৩ পিএম
ঢাকায় চাঁদাবাজদের তালিকা করে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা

রাজধানীতে চাঁদাবাজি দমনে শিগগিরই বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রথমে রাজধানী থেকে চাঁদাবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে, এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। জনমনে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে অতীতের মতো তাবেদারি নির্ভর নয়, বরং জনগণের আস্থাভাজন একটি জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে। একই সঙ্গে অস্ত্রধারী ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

রাজধানীর যানজট প্রসঙ্গে মন্ত্রী জানান, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে ডিএমপিকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রশাসন পরিচালনায় চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করা হবে। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন না—এ ধরনের আচরণ প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।

এ ছাড়া আলোচিত হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে তিনি জানান, শুধু পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন আসে না। তাই বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


Side banner
Link copied!