চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রাতে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
স্বজনদের দাবি, কিছুদিন আগে স্থানীয় কয়েকজনের সঙ্গে শামীমের বিরোধ হয়েছিল। সেই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :