রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা ও কার্যক্রমের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব উদ্যোগ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও নগর সৌন্দর্য বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।
তিনি জানান, ঢাকা দক্ষিণে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আওতায় মাতাইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য জিরো বর্জ্য ধারণা বাস্তবায়ন।
ঢাকা উত্তরে নগর বনায়ন কর্মসূচির অংশ হিসেবে মিয়াওয়াকি ফরেস্ট, জাপানিজ ফরেস্ট এবং নতুন সবুজ অঞ্চল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও বৃক্ষরোপণ করা হবে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার ওপর চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প, শিক্ষা ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা হবে, যাতে রাজধানীমুখী মানুষের চাপ কমে।
তিনি আরও বলেন, একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ঢাকা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পাশাপাশি উপকূলীয় এলাকায় টেকসই অবকাঠামো নির্মাণেও সরকার কাজ করছে।
আপনার মতামত লিখুন :