আগামী তিন মাসের মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে রাজস্ব আয়ের হিসাব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং কর-জিডিপি অনুপাতও নিম্নমুখী অবস্থায় ছিল, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে।
তিনি আরও জানান, রাজস্ব বাড়াতে করের হার বৃদ্ধি না করে বরং করের আওতা সম্প্রসারণের দিকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কার্যকরভাবে রাজস্ব আহরণ জোরদার করা হবে।
সরকার সামাজিক সুরক্ষা কার্যক্রমও বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহসহ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :