ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৮১৪টি পরিবার আর্থিক সহায়তা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী প্রধানকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নারী ও শিশু উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। ফ্যামিলি কার্ড তারই অংশ।
তিনি আরও জানান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু পুষ্টি, ক্ষুদ্রঋণ সহায়তা এবং নারী উদ্যোক্তা উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সহায়তা কেন্দ্র, হেল্পলাইন, ট্রমা কাউন্সেলিংসহ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
সরকার ভবিষ্যতে মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণ, সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :