২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিবির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এর আগে একই দিন সকালে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি আরও জানান, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয়। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় এখনো হয়নি।
আপনার মতামত লিখুন :