• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মন্ত্রী–এমপিদের আচরণে সংযম ও সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৩৯ পিএম
মন্ত্রী–এমপিদের আচরণে সংযম ও সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান মন্ত্রী এবং দলীয় সংসদ সদস্যদের আচরণে সংযমী ও মার্জিত থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি জনসম্মুখে বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী বিশেষভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের বাইরে গিয়ে কেউ যেন কোনো মন্তব্য না করেন।

সকাল সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং দুপুর ১টার দিকে তা শেষ হয়।

সভায় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি এবং আগামী দিনে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।

এ সময় বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বিষয়ও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও সরকার দ্রুতই তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ভোটের চিহ্ন মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণ এমন একটি রাজনৈতিক দলই দেখতে চায়, যারা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তা বাস্তবায়নেও আন্তরিকভাবে কাজ করে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!